রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ শুরু দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আজ শুরু দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ শুরু দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।


বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। স্বাগত বক্তব্য দেবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।


সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা জানিয়েছে ইউজিসি।


ইউজিসি জানায়, দেশের উচ্চশিক্ষাকে আরও উন্নত পর্যায়ে নেওয়া এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনগুলোর মধ্যে নেটওয়ার্ক জোরদার করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন।


তিন দিনব্যাপী সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান ও অন্তর্ভুক্তি এবং গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা নিয়ে দুটি সেশন হবে।


দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্তি, ডিজিটাল রূপান্তর ও স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা, অংশীজনদের সংলাপ এবং উপাচার্যদের সঙ্গে হিট প্রকল্প নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।


সম্মেলনের শেষ দিনে উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।