ঘন কুয়াশায় নদীপথে নৌযান চলাচলে সতর্কতা জারি
ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কুয়াশার প্রভাবে নদীপথে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, তাই নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে দৃষ্টিসীমা কমে ২০০ মিটার বা কোথাও কোথাও এরও নিচে নেমে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ জন্য কোনো ধরনের সতর্ক সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।