ইসরায়েলের ট্যাংক ও সাঁজোয়া যান নির্মাণে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলার সামরিক সহায়তার সম্ভাবনা
ইসরায়েলে ট্যাংক ও সাঁজোয়া যান নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পর্যন্ত সামরিক সহায়তা দিতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নথিতে। ইসরায়েলের দৈনিক হারেৎজ সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে নির্মাণাধীন একটি নতুন সাঁজোয়া যান কারখানার অর্থায়নে যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারে। এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পরিমাণ আরও বাড়বে। এই সহায়তা ১০ বছর মেয়াদি একটি চুক্তির আওতায় দেওয়া হচ্ছে।
হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঁচ বছর মেয়াদি ‘আর্মার্ড ভেহিকল অ্যাক্সেলারেশন প্রজেক্ট’-এর মাধ্যমে ইসরায়েল তাদের সাঁজোয়া যান বহর সম্প্রসারণের পাশাপাশি মেরকাভা ট্যাংক এবং নেমার ও এইতান মডেলের সাঁজোয়া যান উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এসব যান ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এবং দেশেই উন্নত করা হয়েছে।
গাজা ও লেবাননে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইসরায়েল সরকারের প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। পরে অক্টোবর ও নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই)-এর দুটি উপস্থাপনায় প্রকল্পটির অর্থায়ন, নকশা ও নির্মাণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার সম্ভাবনার কথা উঠে আসে।
ইউএসএসিই সাধারণত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য প্রকৌশল ও নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে, যেগুলোর অর্থায়ন অনেক সময় মার্কিন সহায়তা থেকে আসে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন ডলার এবং তখন কোনো বিদেশি অর্থায়নের কথা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছিল জেরুজালেম পোস্ট।
কুইন্সি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বার্ষিক সহায়তার বাইরে ২০২৩ সালের ৭ অক্টোবরের পরবর্তী দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। এছাড়া ভবিষ্যতে অস্ত্র ও সেবা সরবরাহের জন্য প্রতিশ্রুত চুক্তির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রজেক্ট।
বিশ্লেষকদের ধারণা, অতিরিক্ত ২ বিলিয়ন ডলারের সম্ভাব্য সহায়তা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকদের একটি অংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।
প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে হারেৎজকে তারা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক জেএসএমসি কর্মসূচি নেই এবং এ সংক্রান্ত প্রশ্ন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছেই করা উচিত।