মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো, দামের ওপর প্রভাব পড়বে হাজারে
সরকার মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়ে দিয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক হ্রাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শুল্ক কমানোর ফলে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক কমানোর প্রজ্ঞাপনের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা কমবে। আর ৩০ হাজার টাকার কম মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমবে আনুমানিক ১,৫০০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এতে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্কের হার প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।
এনবিআরের দাবি, মোবাইল ফোন ও এর সংযোজনশিল্পের উপকরণে উল্লেখযোগ্য হারে শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকগণের জন্য ডিজিটাল সেবা গ্রহণ সহজ হবে। সরকার মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।