ইরানের বিক্ষোভে নিহত প্রায় দুই হাজার, নজিরবিহীন সংকটে তেহরান
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মীদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন।
গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানায়, মাত্র দুই সপ্তাহে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভ দমনে ইরানজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চলছে এবং প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে, যা আগের কোনো সংকটে দেখা যায়নি। একসময় সরকারবিরোধী স্লোগানে মুখর থাকা সড়কগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।
বিবিসি পার্সিয়ানকে তেহরানের এক বাসিন্দা জানান, শুক্রবার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ—ব্যাপক ভিড় ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। তবে শনিবার রাত থেকে পরিস্থিতি তুলনামূলক শান্ত। এক ইরানি সাংবাদিকের ভাষায়, বর্তমানে রাস্তায় নামা মানে মৃত্যুকে ডেকে আনা।
এই সংকট শুধু অভ্যন্তরীণ বিক্ষোভেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চাপও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা দেশটির শাসনব্যবস্থাকে আরও দুর্বল করে দেয়।
তবে ট্রাম্পের মতে, এই পরিস্থিতি ইরানের জন্য আলোচনার টেবিলে ফেরার একটি সুযোগও তৈরি করেছে, আর তেহরান এখন আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।