ফুকেটে অবতরণের আগে ঝাঁকুনি, ইতিহাদ ফ্লাইটের কয়েকজন যাত্রী আহত
থাইল্যান্ডের ফুকেট প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় ইতিহাদ এয়ারওয়েজ পিজেএসসি–এর একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখে পড়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম খাওসোদ জানিয়েছে, ইওয়াই৪১৬ নম্বর ফ্লাইটটি বুধবার আবুধাবি থেকে ছেড়ে আসে এবং স্থানীয় সময় দুপুর ১২টায় ফুকেটে পৌঁছার সময় অবতরণের ঠিক আগে বিমানটি হঠাৎ প্রবল ঝাঁকুনির কবলে পড়ে।
ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদ জানান, বিমানে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় কেউ গুরুতরভাবে আহত হননি।
এর আগে ২০২৪ সালে থাইল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটও ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়েছিল। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়েছিল। সেই ঘটনায় একজন যাত্রী নিহত হন এবং যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে অনেকেই গুরুতর আহত হন।
সূত্র: আল-অ্যারাবিয়া