শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে ডেনমার্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকি ও চাপের মুখে গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। ডেনিশ প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।


আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় ডেনমার্ক ইতোমধ্যে গ্রিনল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেছে। এর আগে সুইডেনও অঞ্চলটিতে সামরিক কর্মকর্তাদের একটি দল মোতায়েনের ঘোষণা দিয়েছিল।


স্বায়ত্ত্বশাসিত হলেও গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ। সম্প্রতি দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার অজুহাতে ট্রাম্প প্রশাসন একাধিকবার গ্রিনল্যান্ডের দখল নেওয়ার দাবি তোলে, যা ইউরোপজুড়ে উদ্বেগের জন্ম দেয়।


ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হলে যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড।


বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যবর্তী অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে নৌযান চলাচল পর্যবেক্ষণে এই দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।


গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পিটুফিক সামরিক ঘাঁটিতে বর্তমানে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র এই ঘাঁটি পরিচালনা করছে। বিদ্যমান চুক্তির আওতায় প্রয়োজনে সেখানে আরও সেনা পাঠানোর সুযোগও রয়েছে।