শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › পাঁচ ঘণ্টা পর সব ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল ইরান

পাঁচ ঘণ্টা পর সব ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ ঘণ্টা পর সব ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল ইরান

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। বুধবার জরুরি নোটিশের মাধ্যমে সাময়িকভাবে আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই সময়ে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং সময়সূচি পুনর্গঠনের মতো সিদ্ধান্ত নিতে হয়।


মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইরান আকাশসীমা বন্ধ করে দেয়। তখন বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।


বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় তেহরান। এর আগেই মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসার মতো বড় এয়ারলাইনস ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দিয়েছিল।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার রাত ১০টার কিছু আগে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরই ইরানের তিনটি প্রধান এয়ারলাইনস—মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনস—মোট পাঁচটি ফ্লাইট পুনরায় উড্ডয়ন শুরু করে।


এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি জানান।


উল্লেখ্য, ইরানে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা বেড়েছে। এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে তেহরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশগুলোর ঘাঁটিতে পাল্টা আক্রমণ করা হবে।


সূত্র: রয়টার্স