গাজার প্রশাসনে নতুন মার্কিন শান্তি বোর্ড, নেতৃত্বে ট্রাম্প
গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনার জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বোর্ডের নির্বাহী সদস্যদের তালিকায় কোনো ফিলিস্তিনি প্রতিনিধির নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
ঘোষণা অনুযায়ী, ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের কূটনীতিক আলি আল থাওয়াদি।
এ ছাড়া বোর্ডে রয়েছেন অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।
গাজার ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বুলগেরিয়ার কূটনীতিক নিকোলাই ম্লাদেনোভকে। বোর্ডটির মূল কাজ হবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি টেকনোক্রেট প্রশাসনের তদারকি করা।
এর আগে বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই পর্ষদ গঠনের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনা মূলত গত অক্টোবর থেকে কার্যকর হয়েছে এবং বর্তমানে তা দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। তবে গাজা ও সেখানে বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রথম ধাপে হামাস ও ইসরায়েল গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় জিম্মি ও বন্দি বিনিময়, আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।