শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সহযোগিতা না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ শনিবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যেসব দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিতে পারেন তিনি।


যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল, তবুও এ বিষয়ে বারবার কঠোর বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক বসানো হতে পারে কিংবা কোন আইনি ক্ষমতার আওতায় তা কার্যকর করা হবে—সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।


ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও একাধিক দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের যৌক্তিকতা নিয়ে সন্দেহ ও সমালোচনা রয়েছে।


ট্রাম্পের এই বক্তব্যের সময়ই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছে। বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে মূলত ট্রাম্প প্রশাসনের বার্তাই সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


১১ সদস্যের ওই প্রতিনিধি দলে রিপাবলিকান সদস্যরাও রয়েছেন, যারা জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সফরকালে তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেন।


প্রতিনিধি দলের সদস্য, ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানান, স্থানীয় জনগণের মতামত শোনা এবং তা ওয়াশিংটনে পৌঁছে দিয়ে উত্তেজনা কমানোই তাদের সফরের মূল লক্ষ্য।


এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে ‘সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে’ অঞ্চলটি দখল করা হবে।


উল্লেখ্য, জনসংখ্যা কম হলেও গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা এবং সমুদ্রপথে নজরদারির ক্ষেত্রে অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।