মানুষের হৃদয়ে খালেদা জিয়া, আরেক নেত্রীর ঠাঁই দেশের বাইরে: আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যখন কারাবন্দি ছিলেন, তখন তাঁর পক্ষে কথা বলার মানুষ খুব কমই ছিল। সে সময় তিনি নিজে প্রকাশ্যে কথা বলেছেন। আর আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে—এটাই প্রমাণ করে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি। সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন। শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির হোসেন।
ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে তাঁর জন্য বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিতেন। তখন তিনি বলতেন, “বেগম জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।” তিনি বিশ্বাস করেন, খালেদা জিয়া এখন ভালো আছেন। তবে প্রশ্ন তোলেন—বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? তাঁর মতে, বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম জিয়ার আদর্শ ও চিন্তাধারা ধারণ করতে হবে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে তিনি বলেন, আজ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করার সুযোগ পাওয়া গেছে। এ কারণেই এক নেত্রীর জায়গা হয়েছে মানুষের হৃদয়ে, আর অন্য নেত্রীর জায়গা হয়েছে দেশের বাইরে।
দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়া যখন প্রশ্ন করেছিলেন—“আমি কি এতিমের টাকা মেরে খেয়েছি?”—তখন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে দোষ স্বীকারের অপপ্রচার চালানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, সে সময় দেশের আইনি ব্যবস্থা অত্যন্ত নিকৃষ্টভাবে পরিচালিত হয়েছিল।
তিনি আরও বলেন, ওই রায়ের বিরুদ্ধে তখন তাঁরা মাত্র চারজন বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছিলেন এবং সেই বিবৃতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন। তবে অল্প কয়েকজনের কণ্ঠস্বর হওয়ায় সেটি তেমন সমর্থন পায়নি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।