কেপটাউনের কাছে টাউনশিপে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত, চাঁদাবাজির যোগসূত্রের সন্দেহ
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে একটি টাউনশিপে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনায় আরও তিনজন আহত হন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হামলাটির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, কেপটাউনের কেপ ফ্ল্যাটস এলাকার মারিকানা টাউনশিপে মধ্যরাতের কিছুক্ষণ পর গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক নারী ও ছয়জন পুরুষ নিহত হন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর বন্দুকধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, গ্যাং সহিংসতা ও দুর্নীতিজনিত অপরাধ বড় সমস্যা হিসেবে বিদ্যমান। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন।
এর আগে গত ডিসেম্বরে পৃথক দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। ওই হামলাগুলোতে কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন।
সর্বশেষ এই হামলাটি যে কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটেছে, সেটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। চলতি বছরের প্রথম নয় মাসেই ওই এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ডের তথ্য নথিভুক্ত হয়েছে।
সূত্র: আরব নিউজ।