ভারত ভিসা না দেওয়ায় যাত্রী চলাচল কমেছে, পরিস্থিতি উন্নত হবে: নৌ-পরিবহন উপদেষ্টা
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিভিন্ন কারণে ভারত ভিসা দিচ্ছে না। সে কারণে বাংলাদেশ থেকেও ভিসা দেওয়ার হার কমেছে। তবে এসব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে এবং নতুন সরকারের সময়ে ভিসার মেয়াদ ও প্রক্রিয়া আরও উন্নত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাবান্ধা স্থলবন্দর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার এই বন্দরকে ঘিরে নতুন পরিকল্পনা নিতে পারবে।
স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সারা দেশেই ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল দিয়ে দৈনিক এক হাজারের বেশি মানুষ যাতায়াত করলেও এখন তা কমে তিন থেকে চারশ’ জনে নেমে এসেছে।
আঞ্চলিক যোগাযোগ নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, উপমহাদেশে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক একেক রকম। চীনের সঙ্গেও সম্পর্ক ভিন্ন মাত্রার। ফলে এখান থেকে সরাসরি সড়কপথে চীনে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ মাঝখানে অন্য দেশের ভূখণ্ড অতিক্রম করতে হয়।
নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে যেন অতীতের মতো অনিয়ম ও দুর্নীতি ফিরে না আসে, সেজন্য সংস্কার জরুরি। তিনি বলেন, ‘যদি হ্যাঁ ভোটে সিল না দেওয়া হয়, তাহলে এত রক্তের বিনিময়ে পাওয়া সুযোগ আমরা হারাব। সংস্কার না হলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে।’
তিনি জানান, নৌ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ২০টি স্থলবন্দর রয়েছে। এসব বন্দরের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে সরকার পরিকল্পনা করছে এবং ভবিষ্যৎ সরকার তাদের মতো করে কাজ এগিয়ে নেবে।
এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।