শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › প্রতিবন্ধী অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

প্রতিবন্ধী অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রতিবন্ধী অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)।


পিবিআই জানায়, গত ১৯ জানুয়ারি দুপুরে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক সোহেল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাক, মুখ ও হাতে স্কচটেপ পেঁচানো ছিল। এ ঘটনায় সোনারগাঁও থানায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়।


তদন্তে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সুজন ও হীরা সোহেলকে টার্গেট করে। ১৯ জানুয়ারি বিকেলে নানাখীবাজার থেকে আনন্দবাজার যাওয়ার কথা বলে তারা সোহেলের অটোরিকশা ভাড়া করে। পথিমধ্যে একটি দোকানে বসে পানীয়র সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে কৌশলে তাকে খাওয়ানো হয়। পরে সন্ধ্যায় মুছারচরের নির্জন এলাকায় নিয়ে শ্বাসরোধ করে সোহেলকে হত্যা করা হয়।


হত্যার পর অটোরিকশাটি রূপগঞ্জের একটি গ্যারেজে রাখা হয় এবং পরদিন তা বিক্রি করে দেওয়া হয়। পিবিআই জানায়, দুলাল মিয়া, আব্দুর রহিম ও আবুল কাশেম দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকেই নিহত সোহেলের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।


পিবিআই পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ও হীরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি তিনজন চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।