কলোম্বিয়ায় বিমান বিধ্বস্ত: সংসদ সদস্যসহ ১৫ জনের মৃত্যু
কলোম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা (SATENA) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য, একজন নির্বাচনী প্রার্থী এবং বিমানের দুই ক্রু সদস্য রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনায় পড়ে। অবতরণের ঠিক আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি দুর্গম ও পাহাড়ি হওয়ায় এবং সেখানে গেরিলা গোষ্ঠীর উপস্থিতি থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে। বিধ্বস্ত বিমানটি ‘বিচক্রাফ্ট ১৯০০’ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ ছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।