শনিবার , ২১ নভেম্বর ২০২৬
শনিবার , ২১ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ, ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজারের বেশি

পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ, ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজারের বেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ, ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজারের বেশি

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৫৮ হাজারের বেশি ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।


শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।


এ পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। পাশাপাশি ১ লাখ ৪৪ হাজার ৮৬০ জন প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।


অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধন করা ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ হাজার ৯০২ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ২ হাজার ৩৯৪ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।