ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বিইআরসি। সংস্থাটি জানায়, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসে নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার সঙ্গে ৫০ টাকা বাড়িয়ে ফেব্রুয়ারির জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।