বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়আগামী সরকারের সামনে অর্থনীতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

আগামী সরকারের সামনে অর্থনীতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী সরকারের সামনে অর্থনীতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদের সামনে নানামুখী ও জটিল চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল রাখার চেষ্টা করেছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, তবে আগামী সরকারের সামনে চ্যালেঞ্জ আরও বড় হবে।


সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।


অর্থ উপদেষ্টা বলেন, “আমরা যে সংস্কারগুলো করেছি, তা পর্যাপ্ত নয়, তবে এগুলো আগামী সরকারের জন্য সহায়ক হবে। সামনের সরকারকে আরও কৌশলগতভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”


তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার হস্তান্তর করা হবে।


নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময় ব্যাংক কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক সরকারের সময়ে বিভিন্ন ধরনের চাপ আসবে। সরাসরি ‘না’ বলা অনেক সময় সম্ভব নয়। সে ক্ষেত্রে আলোচনা ও সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক নীতি, ব্যাংকিং আইন এবং অডিটের নীতিমালা ব্যাখ্যা করতে হবে।”


তিনি আরও বলেন, এ ধরনের সমঝোতার মধ্য দিয়েই ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া উচিত।


ঋণ বিতরণের ক্ষেত্রে বড় শিল্পগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের জন্য ঋণ প্রবাহ বাড়ানো প্রয়োজন।”