প্রধান উপদেষ্টা শফিকুল আলম: ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে মিসইনফরমেশন ছড়াচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ নিয়মিতভাবে বাংলাদেশের বিষয়ে অপতথ্য তথ্য ছড়াচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক নীতিসংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
শফিকুল আলম বলেন, “ভারতের অনেক পত্রিকা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য প্রকাশ করেছে। ভারত পরিকল্পিতভাবে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে। গত ১৮ মাসে বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়া ভয়াবহ রকমের মিথ্যা তথ্য ছড়িয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, গত ৫৪ বছরে কোনো সরকার এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।
তিনি বলেন, “আমরা একটি সুষ্ঠু ক্ষমতার পালাবদল চাই, ভালো নির্বাচন চাই। কিন্তু বাইরে যে ইমেজ তৈরি করা হচ্ছে—গণতন্ত্র থাকলেও সংখ্যালঘুরা নিরাপদ নয়, বড় রাজনৈতিক দলের অধিকার বাধাপ্রাপ্ত হচ্ছে।”
ডিআইইউ সংলাপে অংশ নেন দৈনিক প্রতিদিনের সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। তিনি বলেন, “তথ্য সংবাদের কাঁচামাল। তবে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করার এই চর্চা থেকে বের হওয়া জরুরি। দীর্ঘদিন আমরা গণমানুষের কথা বলিনি, একপক্ষকে প্রমোট করতে গিয়ে অন্যকে ক্ষতিগ্রস্ত করেছি।”
ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “এআই যুগে বিভ্রান্তি ছড়ানো বেশি হচ্ছে। রাষ্ট্র এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে। আমাদের এই পরিস্থিতি থেকে বের হতে হবে। পূর্বের সরকারের আমলে আমরা ন্যাচারাল ট্রমার মধ্যে ছিলাম, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় বক্তব্যও দিতে পারিনি।”
সংলাপে আরও বক্তব্য রাখেন ডিআইইউ মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান, ডিআইইউসাস’র প্রধান উপদেষ্টা রাজিউর রহমান, সাবেক সভাপতি মুছা মল্লিক, বর্তমান সভাপতি কালাম মুহাম্মদসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের সেরা চার প্রতিবেদকের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে এম আই পাটোয়ারী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।