মব সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা নির্বাচনের প্রভাব ফেলতে পারে: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মব সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা হুমকির মধ্যে ফেলতে পারে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসাব না দেওয়ার কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা লঙ্ঘিত হয়েছে। বিচার ও প্রতিশোধকে একাকার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে।”
টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মূল্যায়নে দেখা গেছে তারা মব সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান নয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন নিহত হয়েছেন, ১ হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ, এবং ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
টিআইবি আরও উল্লেখ করেছে, অর্থ, পেশি ও ধর্মভিত্তিক রাজনীতির কারণে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব সীমিত, এবং অন্তর্বর্তী সরকার নারী নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।