ভোররাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ১৫০ কিলোমিটার।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।
ভূমিকম্পটি তুলনামূলকভাবে মৃদু হওয়ায় এবং গভীরতায় সৃষ্টি হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।