ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ–এর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে কে বা কারা পরিকল্পিতভাবে ক্যাম্পে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পটি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় মাগুরা–ঢাকা মহাসড়কের তেঁতুলতলা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে অবস্থিত। কানাইপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদ–এর উদ্যোগে স্থাপিত ক্যাম্পটিতে আগুনে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় আংশিকভাবে পুড়ে যায়।
ঘটনার পর এলাকায় নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কানাইপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ জানান, ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে তিনি ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত স্থানীয়দের খবর দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা জানান, সময়মতো আগুন নেভানো না গেলে আশপাশের দোকানপাট ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্যাম্পে ছুটে আসেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এটি নির্বাচনী পরিবেশ অশান্ত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। তারা আশঙ্কা করছেন, নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও উদ্বেগ তৈরি হতে পারে।
ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, বিষয়টি অবগত হয়েছেন তারা। ঘটনার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফরিদপুর জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–এর।
রাজনৈতিক জীবনে এই প্রথম সরাসরি ফরিদপুর শহরে আসছেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যানার, ফেস্টুন, মাইকিং ও জনসমাগমে ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর।