অন্তর্বর্তী সরকারের চুক্তি ভবিষ্যৎ সরকারের জন্য বোঝা হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিচ্ছে, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ সহজ হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রশাসনের জন্য সহায়ক হবে।
বিদেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি কোনো ব্যক্তি বা একক মন্ত্রণালয়ের দায় নয়, বরং পুরো দেশের ও সামগ্রিক ব্যবস্থার সমস্যা। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি ও ভুল তথ্য প্রদানের কারণে আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে ভিসা ও অন্যান্য অনুমোদন প্রক্রিয়ায়।
তিনি বলেন, বৈশ্বিক সুযোগ অনেক থাকলেও নিজেদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ তা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। নথিপত্রে অসত্য তথ্য দেওয়া বন্ধ না করলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক পুরোপুরি মসৃণ ছিল না। তবে আগামী নির্বাচিত সরকারের সময়ে এই সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।