ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রশংসা, বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জাপানের
বাংলাদেশে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য দেশটির প্রশংসা করেছে জাপান। একই সঙ্গে নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।
ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকার জানায়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়, বিশেষভাবে বিএনপি ও তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
বিবৃতিতে নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া বাংলাদেশ ও জাপানের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি বিবৃতিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।