সোনারগাঁও টেক্সটাইলের ছাঁটাই শ্রমিক নেতাদের প্রতিবাদে বরিশালে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ
বরিশাল নগরের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর উত্তাল ছিল কারখানার চত্বর। কর্মবিরতি ও বিক্ষোভের পর সন্ধ্যার দিকে পরিস্থিতি সড়কে ছড়িয়ে পড়ে।
প্রায় সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। প্রায় আধা ঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, ট্রেড ইউনিয়ন করার কারণে কারখানার শ্রমিকনেতা ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সহসাধারণ সম্পাদক খুকু মণিকে ছাঁটাই করেছে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা জানান, রাষ্ট্র শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার দিয়েছে, অথচ মালিকপক্ষের এই আচরণ অমানবিক ও অগণতান্ত্রিক। দ্রুত পুনর্বহাল না হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে মৌখিক অনুমতি নিয়ে তারা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন। ফিরতে দেরি হওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা তাদের মতে অন্যায় এবং জবাবদিহি ছাড়া চাকরি খারাপের কারণ।
আন্দোলনে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের সাংবিধানিক অধিকার। সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দুই শ্রমিক নেতাকে অবিলম্বে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, উপস্থিত বাসদ নেতার সঙ্গে কথা বলে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে আন্দোলনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে সরে যান।