ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আটক
ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশ-চেঙ্কোকে দেশ ছেড়ে সীমান্ত অতিক্রমের সময় আটক করেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। এই তথ্য ইউক্রেনের সরকারি সূত্র এবং সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, গালুশ-চেঙ্কোকে গত বছর দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। তাকে ট্রেনে ইউক্রেন ত্যাগ করার সময় আটক করা হয়, তবে তিনি কোথায় যাচ্ছিলেন তা স্পষ্ট নয়।
এটি মিদাস মামলার তদন্তের অংশ। অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বরে ১০০ মিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় কয়েকজন সরকারি কর্মকর্তা অভিযুক্ত হন, এবং গালুশ-চেঙ্কো তাদের মধ্যে অন্যতম। ইউক্রেনের দুর্নীতি দমন প্রসিকিউটর কার্যালয় বলেছে, ব্যবসায়ী তিমুর মিনদিচ এই চক্রের মূল পরিকল্পনাকারী, আর গালুশ-চেঙ্কো জ্বালানি খাতে অবৈধ লেনদেনে সহায়তা করতেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঠিকাদারদের চুক্তি বাতিল বা অর্থ পরিশোধে বিলম্ব এড়াতে ১০–১৫ শতাংশ ঘুষ দেওয়ার প্রক্রিয়াতেও তার নাম যুক্ত।
এই কেলেঙ্কারির প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে গালুশ-চেঙ্কো পদত্যাগ করেন। বিষয়টি ইউক্রেনে রাজনৈতিক ও নির্বাচনী প্রভাব ফেলেছে; মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনে নির্বাচন পরিচালনার চাপ বাড়িয়েছে, তবে ২০২২ সালের যুদ্ধের কারণে দেশটিতে এখনও নির্বাচন স্থগিত রয়েছে।
নাবু এক বিবৃতিতে জানিয়েছে, মিদাস মামলার অংশ হিসেবে তাদের গোয়েন্দারা সাবেক মন্ত্রীকে সীমান্ত অতিক্রমের সময় আটক করেছেন। যদিও সরকারি বিবৃতিতে গালুশ-চেঙ্কোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বিভিন্ন ইউক্রেনীয় সংবাদমাধ্যম তার নাম নিশ্চিত করেছে।