ঠাকুরগাঁওয়ে ওয়ারেন্ট অভিযানে সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
ওসি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে সেনুয়া গ্রামে অভিযান চালান। অভিযানের সময় এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময়ে শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।