বগুড়া-৬ আসন ছাড়ার চিঠি ইসিতে পাঠালেন তারেক রহমান, গেজেট এখনো হয়নি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসনটি শূন্য ঘোষণার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি কমিশনের হাতে পৌঁছেছে, তবে এ বিষয়ে এখনো কোনো গেজেট প্রকাশ করা হয়নি।
তিনি জানান, প্রচলিত আইন অনুযায়ী একজন প্রার্থী একই নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচন করতে ও নির্বাচিত হতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে একটি আসন রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়।
প্রাসঙ্গিক আইনের ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একজন ব্যক্তি একাধিক আসনে প্রার্থী হতে পারেন। আর ধারা ১৯(২) অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে কোন আসন রাখবেন তা জানাতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করবে।