শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাতক্ষীরায় আ.লীগ নেতার বাগানবাড়িতে ভাঙচুর, অজ্ঞাত ৬০–৭০ জনের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরায় আ.লীগ নেতার বাগানবাড়িতে ভাঙচুর, অজ্ঞাত ৬০–৭০ জনের বিরুদ্ধে অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
সাতক্ষীরায় আ.লীগ নেতার বাগানবাড়িতে ভাঙচুর, অজ্ঞাত ৬০–৭০ জনের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার বৈচানা গ্রামে এ ঘটনা ঘটে।


আসাদুল হকের স্ত্রী মেহেরুন্নেছা জানান, ঘটনার সময় তিনি বাড়ির দোতলায় অবস্থান করছিলেন। এ সময় ৬০ থেকে ৭০ জনের একটি দল বাড়ির সামনের দেয়াল ও পুকুরপাড়ের প্রাচীর ভেঙে ফেলে। পরে তারা মূল ফটক, দুটি সিসি ক্যামেরা এবং জানালার কাচ ভাঙচুর করে। হামলাকারীরা বাগানবাড়ির ভেতরে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়ে চলে যায়।


তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানায় জানানো হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে কুলিয়া এলাকার সবুজ চৌধুরী, জিয়াউর রহমান, বাপ্পি, নাসিরউদ্দিন ও আনারুলসহ কয়েকজনকে শনাক্ত করার দাবি করেন তিনি।


এ বিষয়ে আসাদুল হক বলেন, এর আগেও গত ৫ আগস্ট রাতে তার বাড়িতে হামলা চালিয়ে নগদ তিন লাখ ১৩ হাজার টাকা এবং প্রায় ৪২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।