বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়এমপি ও মন্ত্রিসভার শপথ উপলক্ষে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা, সকাল ৮টা থেকে যান চলাচলে সীমাবদ্ধতা

এমপি ও মন্ত্রিসভার শপথ উপলক্ষে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা, সকাল ৮টা থেকে যান চলাচলে সীমাবদ্ধতা

favicon
ভোরের আলো ডেস্ক:
এমপি ও মন্ত্রিসভার শপথ উপলক্ষে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা, সকাল ৮টা থেকে যান চলাচলে সীমাবদ্ধতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভিভিআইপি চলাচল ও সম্ভাব্য জনসমাগম বিবেচনায় মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।


ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোড এলাকায় এই সময় সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। শপথ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।


যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রুটে ডাইভারশন পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।


মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি হয়ে চলাচল করবে। ধানমন্ডি-২৭ থেকে আসা গাড়িগুলো আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে বিকল্প পথে ফার্মগেট যেতে পারবে। আসাদগেট থেকে ফার্মগেটমুখী যানবাহন গণভবন ক্রসিং হয়ে নির্ধারিত রুট ব্যবহার করবে।


এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী গাড়িগুলোকে খেজুর বাগান ক্রসিং হয়ে বিকল্প পথে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী ও আসাদগেট হয়ে ধানমন্ডি-২৭ এলাকায় যেতে পারবে।


শপথ অনুষ্ঠান চলাকালে যানজট কমাতে চালকদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‍্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।


সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে চলতে এবং নির্ধারিত নির্দেশনা মেনে চলার জন্য সব যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।