শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশমিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত একটার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর, নিজামপুর রেল স্টেশনের পূর্ব পাশের খামার থেকে এই ঘটনা ঘটে। খামারের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছাগলগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।


খামারের মালিক এস এম আবু হেনা কায়সার উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি জানান, দুই বছর আগে তিনি খামারটি গড়ে তুলেছিলেন। খামারে ৫ লাখ টাকার ছোট-বড় ৪০টি ছাগল ছিল। রাতের ঘটনা সম্পর্কে তিনি বলেন, “দু’তিনজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে আমার কর্মচারী নুরুল আফছারকে বেঁধে ৪০টি ছাগল নিয়ে গেছে। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি; প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেব।”


খামারের কর্মচারী নুরুল আফছার জানান, “রাতে ছাগলের ডাক শুনে আমি বের হই। তখন দুর্বৃত্তরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-হাত-মুখ বেঁধে সব ছাগল নিয়ে গেছে। আমাকে রাস্তার কিছুদূর গিয়ে ছেড়ে দিয়েছে এবং বলেছে, এখানে আর থাকবি না। তারা সিসিটিভি ক্যামেরা ও কয়েকটি খাদ্যের বস্তাও নিয়ে গেছে।”


নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাকির হোসেন বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”