ইরান যুদ্ধের খবর নিয়ে মার্কিন গণমাধ্যমকে সতর্কতা, সমালোচনার মুখে ব্র্যান্ডেন কার
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে সতর্ক করেছেন দেশটির সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার। তার এই সতর্কবার্তার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
গভর্নর নিউসম বলেন, ইরান যুদ্ধের খবর প্রচার সরকারের পছন্দ না হলে সম্প্রচারের অনুমতি বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘গুজব ও বিকৃত সংবাদ’ প্রচার থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, অনুমতি নবায়নের আগে গণমাধ্যমগুলোর জন্য এখনই নিজেদের সংশোধনের সুযোগ রয়েছে।
এই সতর্কবার্তাকে ‘স্পষ্টতই সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
ব্র্যান্ডেন কারের এই হুমকি ও বক্তব্য দ্রুতই সমালোচনার জন্ম দেয়। ডেমোক্র্যাট রাজনীতিবিদ এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা কর্মীরা এটিকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে আখ্যা দেন।
হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটি মূলত স্পষ্ট একটি বার্তা—যুদ্ধ সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ করতে হবে, নইলে সম্প্রচারের অনুমতি নবায়ন নাও হতে পারে। তিনি আরও বলেন, এর মাধ্যমে আসলে যুদ্ধের খবর কীভাবে প্রকাশ করা হবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।