মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশমোল্লাহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মোল্লাহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
মোল্লাহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।


তিনি আরও জানান, মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।