জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইল ঢাকা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৫ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ সমর্থন কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসনের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও বিস্তৃত হচ্ছে।
রাষ্ট্রদূতও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সম্পৃক্ততার প্রশংসা করেন।
এ সময় প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করেন।