লক্ষ্মীপুরে আধিপত্য বিরোধে গোলাগুলি: ৮ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আটকদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’
ঘটনার সময় গুলিবিদ্ধ আব্দুর রহিম ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন: দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) ঝামেলা ঘটে। এর জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
ঘটনার সময় আব্দুর রহিম (৫০) নামে এক পথচারীর বাম পায়ে গুলি লাগে। মানিক নামে আরেক ব্যক্তি এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।