খুলনায় তেলের সংকট তীব্র, পাম্পে দীর্ঘ লাইন ও জনভোগান্তি বাড়ছে
খুলনা নগরীতে জ্বালানি তেলের সংকট কাটছেই না। বরং দিন দিন পেট্রল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন আরও বাড়ছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা।
নগরীর পাওয়ার হাউজ মোড়, সোনাডাঙ্গা ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। আবার কিছু পাম্পে সীমিত পরিমাণে রেশনিং ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে।
সোনাডাঙ্গা এলাকার একটি পাম্পের অপারেটর জানান, ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ফলে প্রাইভেটকারে সর্বোচ্চ এক হাজার টাকা এবং মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে ১-২ ঘণ্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের।
খুলনা নিউ মার্কেট এলাকার একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, কোম্পানি থেকে তেল আনার পর ৩-৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এ কারণে চালকদের সঙ্গে পাম্প কর্মীদের কথা-কাটাকাটির ঘটনাও ঘটছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কিছু পাম্প শুধুমাত্র সরকারি যানবাহনের জন্য সীমিত সময় খোলা রাখা হচ্ছে, আর অন্য পাম্পগুলো বন্ধ থাকায় চাপ আরও বেড়ে যাচ্ছে।
তেলের অভাবে অনেকেই বাধ্য হয়ে গণপরিবহন ব্যবহার করছেন। এতে কর্মজীবীদের সময়মতো কর্মস্থলে পৌঁছানো ও জরুরি সেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চালকরা দ্রুত এ সমস্যার সমাধান চান। তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, যা দৈনন্দিন জীবনে বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে।