সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি নেতার মৃত্যু
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর জেলার বড়াই গ্রামের রাজ্জাক মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার ছেলে গুরুতর আহত হন।
জানা যায়, আব্দুল আজিজ সততা ও সাদামাটা জীবনযাপনের জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। তিনি ভাঙ্গুড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কলকতি মহল্লার বাসিন্দা ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।