কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট-এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৩টা ২০ মিনিট থেকে এই রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় ও তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। নদীতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধের সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি পল্টুনে নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।