যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। গত শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে Inter-Services Public Relations (আইএসপিআর)।
এই সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সফরকালে ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ক্যাপিটল-এ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসী ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা গ্রহণ করার কথা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।