রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক
রাঙামাটিতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে। রোববার সকালে শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—আপার রাঙামাটির আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. দেলোয়ার, রূপনগর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. নূর ইসলাম, রিজার্ভ বাজারের মো. নাছিরের ছেলে মো. সাজিদ এবং একই এলাকার মো. আবুলের ছেলে মো. শাহীন।
পুলিশ জানিয়েছে, শহরে মাদক কারবার ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে, যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
কোতোয়ালি থানার ইনচার্জ জসীম উদ্দিন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।