চাঁদপুরে তিন মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার দেখানো
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের করা তিনটি মামলায় চাঁদপুর আদালতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, তিনটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে একটি মামলায় চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, অন্য দুই মামলায় উপ-পরিদর্শক নাদির শাহ্ ও নুরে আলম দায়িত্বে রয়েছেন।
তদন্ত কর্মকর্তা নাদির শাহ্ জানান, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলায় দীপু মনিকে প্রধান আসামি করা হয়েছে এবং তার নির্দেশে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও দীপু মনিকে প্রধান আসামি করা হয়েছে। তার প্ররোচনায় এই হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।