লেবাননের দক্ষিণাঞ্চলে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশ ‘স্থায়ীভাবে’ দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (৩১ মার্চ) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের অভ্যন্তরে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলবে এবং লিতানি নদী পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তার পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে।
লিতানি নদী লেবাননের দীর্ঘতম ও গুরুত্বপূর্ণ নদী, যা বেকা উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, সংঘাতের কারণে বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের ওই এলাকায় ফিরতে দেওয়া হবে না। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে গাজার মতো অভিযান চালানোর ইঙ্গিতও দেন তিনি।
উল্লেখ্য, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটেই এই ঘোষণা এসেছে।