৯ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের নয়টি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।
এ ছাড়া নিয়মিত ২৪ ঘণ্টার বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।