মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়রোমানিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘এমনেস্টি’ সুবিধা, বৈধ হওয়ার সুযোগ

রোমানিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘এমনেস্টি’ সুবিধা, বৈধ হওয়ার সুযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
রোমানিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘এমনেস্টি’ সুবিধা, বৈধ হওয়ার সুযোগ

বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে রোমানিয়া। দেশটি অবৈধ অবস্থানে থাকা বিদেশি শ্রমিকদের জন্য ‘এমনেস্টি’ বা রাজক্ষমা কর্মসূচির আওতায় বৈধ হওয়ার সুযোগ তৈরি করেছে।

গত ২৩ এপ্রিল এ সংক্রান্ত জরুরি অধ্যাদেশ জারি করা হয় এবং ২৭ এপ্রিল তা অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

অধ্যাদেশের অনুচ্ছেদ ৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থানে চলে গেছেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

দূতাবাস জানায়, এই উদ্যোগের ফলে অবৈধভাবে বসবাসরত অনেক বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করতে পারবেন। বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা নিতে পারবেন।

উদাহরণ হিসেবে বলা হয়, কেউ ওয়ার্ক ভিসায় দেশে প্রবেশের পর যদি সংশ্লিষ্ট কোম্পানি তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় এবং ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পান, তাহলে তিনি অবৈধ হয়ে পড়েন। এছাড়া, নিয়োগকর্তা বেতন থেকে কর কেটে রাখলেও সরকারকে জমা না দেওয়া বা সঠিকভাবে টিআরসি আবেদন সম্পন্ন না করলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, এমন কর্মীদের আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে একটি বৈধ নতুন নিয়োগকর্তা খুঁজে নিয়ে তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

তবে দূতাবাস সতর্ক করে জানিয়েছে, নতুন এই ব্যবস্থার শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে।