শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশনোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা: ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার, ১ জনের পদ স্থগিত

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা: ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার, ১ জনের পদ স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা: ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার, ১ জনের পদ স্থগিত

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের খাবার টেবিল থেকে তুলে হেনস্তা, হামলা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে বহিষ্কার ও পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদন রয়েছে।


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন সস্ত্রীক কলেজে এলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম ছানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েলসহ কয়েকজন শিক্ষক মধ্যাহ্নভোজে বসেন। এ সময় বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।


হামলাকারীরা অধ্যক্ষের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং শিক্ষকদের খাবার খেতে বাধা দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের ওপর হামলা চালিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নোয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।