ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং অতীতেও এমনটি করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশ ও বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা তাকে শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিকৃতি উপহার দেন।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে এবং প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা তুলে ধরে বলেন, মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছেন, যেখানে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা বলা ও মাদক থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। পাশাপাশি প্রেম, অহিংসা ও সর্বজীবে দয়ার শিক্ষাও বৌদ্ধধর্মে গুরুত্ব পায়।
তিনি আরও বলেন, এসব নৈতিক নির্দেশনা শুধু ধর্মীয় নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় আইনের পাশাপাশি নাগরিকরা যদি নিজ নিজ ধর্মের মূল শিক্ষাগুলো মেনে চলে, তবে একটি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। রাষ্ট্র সবার, এবং প্রত্যেক নাগরিকের পরিচয়—‘আমরা বাংলাদেশি’।