পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত, একাধিক এলাকায় গ্রেপ্তার ও সংঘর্ষ
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে নাবলুস শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে হেবরনের পশ্চিমে ইধনা এলাকায় আরও ১১ জনকে আটক করা হয়।
এছাড়া তুবাসের উত্তরে আকাবা এলাকায় এক তরুণকে এবং কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে তিনজন তরুণকে আটক করা হয়েছে। রামাল্লাহ ও আল-বিরেহ অঞ্চলেও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
জেনিনের পশ্চিমে রুম্মানাহ ও জুবুবা এলাকায়ও ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে। পাশাপাশি বেথলেহেম অঞ্চলের পশ্চিমের একটি গ্রামের প্রবেশমুখে সামরিক চৌকি বসানো হয়েছে।