আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার নিলাম অযোগ্য ও অবৈধ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউজ এলাকায় এসব পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্র জানায়, বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ কর্তৃক জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন ধরে গুদামে পড়ে ছিল। এগুলো নিলামযোগ্য না হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছিল।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ইঁদুরে কাটা ও নষ্ট হয়ে যাওয়া ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ঔষধ, আমদানি নিষিদ্ধ আতশবাজি, বিড়ি ও সিগারেটসহ মোট ১৭ ধরনের সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।