মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার (২ মে) রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।


২৭ বছর বয়সী লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক তরুণীও নিখোঁজ হন। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে অনুসন্ধান শুরু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে একটি ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। একই এলাকায় পরে ম্যানগ্রোভ অঞ্চলে আরও কিছু দেহাবশেষ পাওয়া যায়, যা নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম-ডিগ্রির দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।