বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমসারা দেশজাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক ছাত্রীকে মধ্যরাতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন চারুকলার এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত যুবককে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৩ মে) সাভারের আশুলিয়া থানা–এ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধীনে নিরাপত্তা শাখা থেকে মামলা করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে আশ্বাস দিয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাস-সংলগ্ন ইসলামনগর এলাকায় থাকেন। রাত আনুমানিক ১১টার দিকে তিনি রিকশা না পেয়ে শহীদ সালাম বরকত হলের সামনে দিয়ে পুরাতন কলা ভবন এক্সটেনশনের দিকে যাচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে অনুসরণ করতে থাকে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওই যুবক নিজের পরিচয় বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী হিসেবে দেয়। পরে রুমাল হাতে শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টা করে।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক ভুক্তভোগীকে গলায় কাপড় বা রুমাল পেঁচিয়ে রাস্তার পাশের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে।

ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এছাড়া সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারেও রাত ১০টায় পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।